দিনাজপুর প্রতিনিধি 

‘আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অবদান’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
৯ আগস্ট রোববার দিনাজপুর প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ আদিবাসী পার্টি, দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মারকলিপি প্রদান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূর নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম নবী দুলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী পার্টি, দিনাজপুরের সহ-সভাপতি আরতি হাঁসদা।
বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, জীবনমান উন্নয়ন এবং সমাজে তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আদিবাসী ধাত্রীদের সম্মান ও তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রমে অবদানকে মূল্যায়নের আহ্বান জানান।
বাংলাদেশ আদিবাসী পার্টি (বিএপি) কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন