গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহ্বাজ শামীম কায়ছার লিংকন এমপির ডিও লেটারের অনুকুলে ২০২৫-২৬ অর্থবছরের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুকুলে বেসরকারি কারিগরি ও মাদ্রাসার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মেরামত ও পুনর্বাসন কাজের জন্য ৯০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এর স্মারক এবং শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর স্মারকের অনুকুলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ডেস্ক-১) মোঃ মেহেদী ইকবাল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করে প্রজ্ঞাপন প্রকাশ করেন।
এদিকে, সম্প্রতি গোবিন্দগঞ্জ-৪ আসনের এই উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ লাখ টাকা করে বরাদ্দ অনুমোদনের চিঠি পেয়েছে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
জানা গেছে, গত ২১ জুন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ডেস্ক-১) মো. মেহেদী ইকবাল স্বাক্ষরিত পৃথক চিঠিতে উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ লাখ টাকা বরাদ্দ অনুমোদনের বিষয়টি জানানো হয়। ইতোমধ্যে চিঠি পেয়ে দরপত্র আহ্বান প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। চিঠিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুকূলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত এবং পুনর্বাসন কাজের জন্য দরপত্র আহবানে লক্ষ্যে অনুমোদিত তালিকা প্রেরণ করে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ১৭ জুন নির্দেশনা সূত্র উল্লেখ রয়েছে। বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মেরামত ও পুনর্বাসন খাত কর্মসূচির আওতায় অনুমোদিত কাজের তালিকা শর্ত সাপেক্ষে আর্থিক অনুমোদনসহ নির্দিষ্ট পদ্ধতিতে দরপত্র আহ্বান করার নির্দেশনা দেয় শিক্ষা প্রকৌশল বিভাগ।
এ তথ্য নিশ্চিত করে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়চার লিংকন এমপি বলেন, আমার নির্বাচনী ইশতেহার ছিল গোবন্দগঞ্জকে একটি শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা। প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যেই শিক্ষা খাতের উন্নয়নে কাজ শুরু হয়েছে। একটু অপেক্ষা করুন। পর্যায়ক্রমে এই উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের জোয়ার বইবে।
মন্তব্য করুন