বিনোদন ডেস্ক 

দেড় দশকের বেশি কেটে গেলেও দর্শকদের মগজে আগের মতোই জীবন্ত র্যাঞ্চো-রাজু-ফারহানরা। আজও ভাইরাস, চতুরদের কথা মনে হলে সিনেমাপ্রেমীরা মনে মনে ভাবেন, ইশ, ‘থ্রি ইডিয়িটসে’র সিক্যুয়েল যদি পেতাম! এবার তাদের জন্য মন ভালো করা খবর, আসছে ‘থ্রি ইডিয়টস ২’। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এর আগে এরকম খবর ছড়ালেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছিল নেটিজেনদের। এবার সে সুযোগ নেই। কেননা খোদ আমির খান এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন ‘থ্রি ইডিয়টস ২’ নির্মাণের খবর।

তিনি বলেছেন, ‘এই মুহূর্তে থ্রি ইডিয়টস নিয়ে কাজ করছি। চিত্রনাট্য শুনে আমার বেশ ভালো লেগেছে। এখনও অনেক কাজ বাকি, তবে যে ধারায় গল্প এগোচ্ছে আশা করি ভালো হবে। প্রথম ভাগের মতোই একইরকম হাস্যরস ও ছকভাঙা গল্পের রসদ থাকবে। দশ বছর এগিয়ে যাবে থ্রি ইডিয়টসের দ্বিতীয়ভাগের গল্প।’
আমিরকে দেখা গিয়েছিল র্যাঞ্চো চরিত্রে। বলিউডের ‘ক্লাসিক কাল্ট’ মুভির তালিকার অন্যতম ‘থ্রি ইডিয়টস’-এর চরিত্রটি আমিরের ক্যারিয়ারেরও সেরা চরিত্রগুলোর একটি। শুটিংয়ের দিনক্ষণ না জানালেও চরিত্রটির জন্য নিজের আগ্রহের কথা জানিয়েছেন মিস্টার পারফেক্টশনিস্ট।
তবে আমির শুটিং নিয়ে টুশব্দটি না করলেও এর আগে ছবির প্রযোজনা সংস্থা জানিয়েছিল, “ছাব্বিশ সালের মাঝামাঝি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের শুটিং শুরু হবে। রিইউনিয়নের কথা ভেবে প্রত্যেকেই ভীষণ উচ্ছ্বসিত। টিমের সকলেই মনে করছেন পুরনো ম্যাজিক ফিরতে চলেছে। আর এই শুটিং যে আগেরবারের মতোই মজার হবে, এই বিষয়েও নিশ্চিত তাঁরা।”

জানা গেছে ‘থ্রি ইডিয়টস ২’-এর কারণে সব কাজ থামিয়ে দিয়েছেন আমির ও পরিচালক রাজকুমার হিরানি। স্থগিত রয়েছে দাদাসাহেব ফালকের বায়োপিকের কাজ। পরিচালক-নায়ক ব্যস্ত ফের ইডিয়টদের নিয়ে।
‘থ্রি ইডিয়টস’-ই হতে চলেছে আমিরের পরের সিনেমা। এবারও তার সঙ্গে দেখা যাবে কারিনা কাপুরকে। বাকি চরিত্রগুলোতে শরমন যোশি, মাধবনসহ যারা ছিলেন তারাই থাকছেন বলে নিশ্চিত করেছেন অভিনেতা। ওই জায়গা থেকে সিক্যুয়েলটিকে ইডিয়টদের পুনর্মিলনীও বলা যায়।
মন্তব্য করুন