স্পোর্টস ডেস্ক 

ফুটবল মাঠে ম্যাচ চলাকালীন গ্যালারিতে বল পড়ে দর্শক আহত হওয়ার খবর হরহামেশাই ঘটে। এটা কম বেশি আমরা জানি। তবে উরুগুয়ের দ্বিতীয় বিভাগে ম্যাচে যা ঘটেছে- তা কল্পনারও বাইরে।
শনিবার (৮ আগস্ট) উরুগুয়ের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল মন্টেভিডিও ও পায়সান্দুর। খেলা হচ্ছিল এস্তাদিও পার্কে এএনক্যাপে। ম্যাচ চলছিল স্বাভাবিক গতিতেই। ২৪ মিনিটে এক ডিফেন্ডার বল বিপদমুক্ত করতে গিয়ে এত জোরে মেরে বসেন, বল উড়ে যায় মাঠের সীমানার বাইরে।
মাঠের বাইরেই ব্যস্ত সড়ক। রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল একটি গাড়ি। হঠাৎ সামনে ফুটবল, চালক সঙ্গে সঙ্গে গাড়ি থামালেন, গাড়ি থামল ঠিকই। কিন্তু পেছনের গাড়ির চালকের হাতে এতটা সময় ছিল না। সঙ্গে সঙ্গে লেগে যায় সংঘর্ষ।
ঘটনাটি ধরা পড়ে সম্প্রচারকারী লাইভ টেলিভিশন ক্যামেরায়। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এই ঘটনায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িগুলোর সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক বা যাত্রীদের কেউ গুরুতর আহত হননি।
এদিকে বল উদ্ধার করতে এবং সবাই নিরাপদ আছে কি না নিশ্চিত করতে ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শুরু হয় খেলা। শেষ পর্যন্ত ১-০ গোলে জেতে উরুগুয়ে মন্টেভিডিও।
মন্তব্য করুন