আরসিটিভি ডেস্ক 

এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের তরুণ নেতৃত্ব প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই বাংলাদেশে আমূল পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছেন।
বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে ইতোমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ঠাকুরগাঁওয়ের নির্বাচনী জনসভায় বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী বিমানবন্দরটি পরিদর্শনে এসেছেন। আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান জামান মিল্লাত, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন