আরসিটিভি ডেস্ক 

কক্সবাজারের মহেশখালী থেকে হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে চট্টগ্রামে এটিই তার প্রথম সফর। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ঘর হারানো পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেন প্রধানমন্ত্রী।
রোববার (০৯ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় তৈরি হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন অনুষ্ঠানস্থলে মানুষের ঢল নামে। বাঁশখালী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। বেলা ১২টার আগেই বিশাল প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
বন্যায় ঘর হারানো কয়েকজন পরিবারের সদস্য জানান, দুর্যোগে তাদের বসতঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন মানবেতর জীবন কাটাতে হয়েছে। নতুন ঘর পাওয়ায় তারা মাথা গোঁজার স্থায়ী আশ্রয় পেয়েছেন। ঘরের চাবি প্রধানমন্ত্রীর হাত থেকে পাওয়াকে তারা জীবনের বড় স্বস্তির মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
এর আগে সকালে হেলিকপ্টারযোগে কক্সবাজারে পৌঁছে প্রধানমন্ত্রী মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এসব কর্মসূচি শেষে তিনি বাঁশখালীর উদ্দেশে রওনা দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বাঁশখালীর কর্মসূচি শেষে তার ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে।
দিনব্যাপী সফরের অংশ হিসেবে বিকেলে হাটহাজারী ডাকবাংলোয় স্বল্প সময়ের যাত্রাবিরতির পর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসংক্রান্ত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সন্ধ্যায় চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ মিলনায়তনে আয়োজিত একটি স্থানীয় সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মন্তব্য করুন