আরসিটিভি ডেস্ক 

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রান্তীক গোস্বামী রঙ্গন (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোববার (৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বেতগাড়ী-পাগলাপীর সড়কের শাহপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্তীক গোস্বামী রঙ্গণ উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর একমাত্র ছেলে। সে ধনতলা রেয়াজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল এবং চলতি বছরের চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বেতগাড়ী-পাগলাপীর সড়কের শাহপাড়া মোড়ে পৌঁছালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন প্রান্তীক। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরীক্ষার্থীর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম।
মন্তব্য করুন