স্পোর্টস ডেস্ক 

ছুটি কাটিয়ে গতকাল আতলেতিকো মাদ্রিদে ফিরেছেন হুলিয়ান আলভারেজ। তবে বার্সেলোনার জার্সি গায়ে জড়াতে এখনো দৃঢ়প্রতিজ্ঞ আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড। গতকাল নিজের এজেন্টদের সঙ্গে দুই ঘণ্টার বেশি দীর্ঘ বৈঠকে বিষয়টি আবারও স্পষ্ট করেছেন আলভারেজ।
আলভারেজ বহুদিন ধরেই বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখছেন। হানসি ফ্লিকের অধীনে বার্সার নতুন প্রকল্পের অংশ হওয়াই এখন তার অন্যতম প্রধান লক্ষ্য। কয়েক মাস আগে বার্সেলোনা তাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করার পর নিজের সেই স্বপ্ন পূরণে আরও দৃঢ় হয়েছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে আলভারেজ ও তার প্রতিনিধিরা একটি রোডম্যাপ তৈরি করেছেন। কীভাবে সম্ভাব্য ট্রান্সফারের পথ খুলে দেওয়া যায়, সেই কৌশল নিয়ে আলোচনা হয়েছে। মূল লক্ষ্য, আতলেতিকো মাদ্রিদকে আলোচনার টেবিলে বসতে রাজি করিয়ে শেষ পর্যন্ত ট্রান্সফারটি সম্পন্ন করা।
আলভারেজের স্বপ পূরণে বড় বাধা আতলেতিকোর অনড় অবস্থান। গত মে মাসের শেষদিকে আলভারেজের জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। কিন্তু মাদ্রিদের ক্লাবটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আতলেতিকো। ক্লাবটির অনড় অবস্থান হলো— ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করলেই কেবল মেট্রোপলিটানো ছাড়তে পারবেন আলভারেজ।
ক্লাবে ফেরার পরই আলভারেজের ইচ্ছা ছিল আতলেতিকো কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বসে নিজের অবস্থান ব্যাখ্যা করা। কিন্তু আতলেতিকোর কর্মকর্তারা মনে করছেন, আলভারেজের সঙ্গে এ বিষয়ে আলোচনারই কোনো প্রয়োজন নেই। ফলে গতকাল সেই বৈঠক আর হয়নি।
আলভারেজের ইচ্ছা এবং বার্সার আগ্রহ—দুই পক্ষের অবস্থান একই জায়গায় থাকলেও এখন পুরো বিষয়টির ভবিষ্যৎ নির্ভর করছে আতলেতিকো মাদ্রিদের সিদ্ধান্তের ওপর। আলভারেজের পক্ষ থেকে প্রকাশ্য বিদ্রোহ বা ক্লাবে ফেরার পর সমস্যা তৈরি করার কোনো পরিকল্পনা নেই। বিষয়টি পেশাদারভাবে সমাধান করতে চান তিনি।
মন্তব্য করুন