স্পোর্টস ডেস্ক 

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ওয়ানডেতে গতকাল আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান। তাদের জয়ের ফলে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
আফগানিস্তানের জয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া আট দলের তালিকাও চূড়ান্ত হয়েছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ।
এ ছাড়া আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে।
তবে বড় ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের এবারও পেরোতে হবে বাছাইপর্বের বাধা। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে ক্যারিবীয় দলকে।
এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি জায়গা করে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সেটিই ছিল বিশ্বকাপের ইতিহাসে তাদের প্রথমবারের মতো মূল পর্বে না থাকার ঘটনা।
বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য আইসিসি নির্ধারিত সময়সীমা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে ভারতের বিপক্ষে সামনের দুটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচ জিতলেও নির্ধারিত সময়ের মধ্যে সেরা আটে উঠে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার মতো পর্যাপ্ত পয়েন্ট অর্জন করা তাদের পক্ষে আর সম্ভব নয়।
ফলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। সেখান থেকেই ২০২৭ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াই শুরু করবে তারা।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ৪ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে।
মন্তব্য করুন