স্পোর্টস ডেস্ক 

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলে সুযোগ হয়নি পাওলো দিবালার। ক্লাবেও সময়টা ভালো যাচ্ছিল না এই ফরোয়ার্ডের। এরই মধ্যে গুঞ্জন চলছিল নিজ দেশের ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার। কয়েক সপ্তাহ ধরে জল্পনার অবসান ঘটালেন দিবালা নিজেই।
বোকা জুনিয়র্সে যোগ দিচ্ছেন না দিবালা। রোমার সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়েছে গতকাল। ফ্রি এজেন্ট হওয়ার দিনই বোকা কর্তৃপক্ষকে দিবালা জানিয়ে দিয়েছেন, আপাতত আর্জেন্টিনার ফুটবলে ফিরছেন না।
ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দিবালা বর্তমানে রোমার সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনায় রয়েছেন। বেতন কমানোর প্রস্তাব থাকলেও ইতালির ক্লাবটিতেই ক্যারিয়ার চালিয়ে যেতে আগ্রহী ২০২২ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
লা গাজেত্তা দেললো স্পোর্ত-র প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দিবালার চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা চলে আসবে।
গত কয়েক সপ্তাহ ধরে দিবালাকে দলে ভেড়ানোর ব্যাপারে আশাবাদী ছিল বোকা জুনিয়র্স। ক্লাব সভাপতি হুয়ান রোমান রিকেলমে তাকে আনতে আগ্রহী ছিলেন। কয়েক মাস আগের যোগাযোগের সূত্র ধরে রিকুয়েলমে একটি চুক্তিপত্রও প্রস্তাব করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত উত্তর এলো ‘না’।
এত বড় মাপের একজন ফরোয়ার্ডকে দলে পাওয়ার সম্ভাবনায় বেশ রোমাঞ্চিত ছিলেন বোকার কোচ ভাস্কো আরুয়াবারেনা। এমনকি তিনি নিজে ফোনে দিবালার সঙ্গে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন। এমনকি দিবালার ঘনিষ্ঠ বন্ধু লিয়ান্দ্রো পারেদেসও তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন।
তবে শেষ পর্যন্ত ইউরোপেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৩২ বছর বয়সী এই আক্রমণভাগের খেলোয়াড়। ফলে বোকা জুনিয়র্সকে এখন দল শক্তিশালী করতে অন্য বিকল্প খুঁজতে হবে।
শৈশবের ক্লাব ইন্সটিটিউট এসিতে ক্যারিয়ার শুরু করা দিবালা পরে খেলেছেন পালের্মো, জুভেন্টাসের হয়ে। এরপর ২০২২ সালে রোমায় যোগ দেন।
মন্তব্য করুন