দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, ভুয়া পরিচয়পত্র এবং একটি পিকআপ জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় দলের আরও দুই সদস্য একটি প্রাইভেটকারে পালিয়ে যায়।
পুলিশ জানায়, দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম)-এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার-এর সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর (পিপিএম)-এর নেতৃত্বে ৩০ জুন বুধবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে দিনাজপুর শহরের বাহাদুর বাজার স্টেশন রোডের হোটেল রাজের ৩০৬ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার হন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. সোহানুল ইসলাম (৪০), ভোলা সদর উপজেলার মো. খলিল (৩০), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বরুন বালা (৪৩) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. দুলাল মিয়া (৪০)।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র ও সরঞ্জাম নিয়ে ডাকাতির উদ্দেশ্যে ওই হোটেলে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি নিসান ডাবল কেবিন ক্যারিবয় পিকআপ, কর্ডলেস ড্রিল মেশিন, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, বিভিন্ন ধরনের রেঞ্চ, শিট মেটাল কাটার, স্ক্রু ড্রাইভার, টেস্টার, হেক্স কী, তালা, চাবির থোকা, ইউটিলিটি নাইফ ব্লেড, লোহার পাইপ, ব্যাটারি চার্জারসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া একটি বেসরকারি প্রতিষ্ঠানের নামে তৈরি তিনটি ভুয়া পরিচয়পত্রও জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের সহযোগী মো. রোমান ও মো. রনি একটি সাদা রঙের প্রাইভেটকারে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন টাওয়ারের পাওয়ার হাউসে থাকা ব্যাটারি ও অন্যান্য মূল্যবান যন্ত্রপাতি ডাকাতি করতেন। এ সময় তারা নিজেদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী, টেকনিশিয়ান ও চালক পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করতেন, যাতে নিরাপত্তারক্ষী ও সাধারণ মানুষকে সহজে বিভ্রান্ত করা যায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ও পলাতক সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন