লালমনিরহাট প্রতিনিধি 

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, উজানের ঢলের প্রভাবে তিস্তা অববাহিকায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাতের পর থেকে তিস্তার পানি কমতে শুরু করবে এবং পুনরায় বিপদসীমার নিচে নেমে আসতে পারে।
এদিকে, লালমনিরহাট জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিস্তা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন