কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর আবারও একটি তেঁতুল গাছের চূড়ায় পাওয়া গেছে বৃদ্ধা মোছাঃ সাজেদা বেগমকে (৬৫)। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। পরিবারের দাবি, বৃদ্ধা দীর্ঘদিন ধরে ‘জ্বিনের আছরে’ আক্রান্ত এবং এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উলিপুর উপজেলার গোড়াই গ্রামের বাসিন্দা সাজেদা বেগম সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে একটি উঁচু তেঁতুল গাছের চূড়ায় তাকে দেখতে পান।
ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ সেখানে জড়ো হন। পরে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টার পর তাকে নিরাপদে নিচে নামানো হয়।
সাজেদা বেগমের ছেলে ছয়ফুল ইসলাম বলেন আমার মা মাঝেমধ্যে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। কিছু সময় পর তাকে বিভিন্ন অস্বাভাবিক স্থানে পাওয়া যায়। আমরা মনে করি তার ওপর জ্বিনের আছর রয়েছে। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে।”
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেন, “গাছের একেবারে উপরের দিকে তাকে বসে থাকতে দেখে সবাই অবাক হয়ে যায়। এত উঁচুতে কীভাবে উঠলেন, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।এর আগেও তিনি এই গাছে রাতভর ছিলেন বলে জানান তিনি।
এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে রহস্যজনক ঘটনা বলছেন, আবার কেউ চিকিৎসার প্রয়োজনীয়তার কথা বলছেন।
মন্তব্য করুন