আরসিটিভি ডেস্ক 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ধর্ষণের পর অজ্ঞান অবস্থায় রাস্তার ধারে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।
রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পরীক্ষা-নীরিক্ষা ও উন্নত চিকিৎসার জন্য শজিমেকে নেওয়া হয়।
মেয়েটির বাবা-মা স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার সকালে মেয়েটি তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। পথে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের সামসপাড়া এলাকার দুই যুবক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে পাশের ফুটানী বাজার এলাকার অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেখানে জোরপূর্বক চেতনানাশক ওষুধ খাইয়ে দিনভর ধর্ষণ করেন। পরে বিকেলে স্থানীয় ‘ইক্ষু সেন্টারের’ পাশে মেয়েটিকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান। তবে ওই দুই যুবক কারা তা নিশ্চিত হওয়া যায়নি।
বিকেলে পথচারীরা মেয়েটিকে সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দিলে তারা মেয়েটিকে উদ্ধার করে সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শজিমেক হাসপাতালে রেফার্ড করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার (এমও) ডা. ফাহাদ আল আসাদ বলেন, সন্ধ্যা ৬টার দিকে মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। অন্য এক চিকিৎসকের বরাতে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষাসহ উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি।
মন্তব্য করুন