আরসিটিভি ডেস্ক 

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখভাল করতেন। বাবাকে হারিয়ে শোকে বিহবল মেসির ক্লাবে ফেরার সময় নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে সপ্তাহের ব্যবধানে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামলেন আর্জেন্টাইন মহাতারকা। যদিও লেওনের কাছে দলটি হেরেছে ৩-২ ব্যবধানে।
লিগস কাপের ম্যাচটিতে প্রথম একাদশে ছিলেন না মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে ড্যানিয়েল পিন্টারের বদলি হিসেবে তাকে মাঠে নামানো হয়। ম্যাচে দু’বার লিড নিয়েও মায়ামি শেষ ১০ মিনিটে পিছিয়ে পড়ে আর খেলায় ফিরতে পারেনি। ফলে লিগস কাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে লেওন, আর ছিটকে গেছে ইন্টার মায়ামি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন মেসি। এ সময় মায়ামির নু স্টেডিয়ামের সমর্থকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ৬৮ বছর বয়সী বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এটাই ছিল তার প্রথম ম্যাচ। এর আগে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে স্মরণ করে একটি আবেগঘন বার্তা দিয়েছিলেন মেসি। সেখানে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় জানিয়েছেন তিনি।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মেসি লিখেছিলেন, ‘তোমাকে ছাড়া আমি কী করব, জানি না। কীভাবে এগিয়ে যাব, সেটাও জানি না। আমি সারা জীবন শুধু ফুটবল খেলেছি, আর এখন দীর্ঘ সময় ধরে এটি চালিয়ে যাব কি না, তা নিয়ে আমার গুরুতর সংশয় রয়েছে।’
এদিকে, ম্যাচের ৪২ মিনিটে ড্যানিয়েল পিন্টারের গোলে লিড নিয়েছিল মায়ামি। বিরতির পর নেমে ৫ মিনিটের মাথায় ড্যানিয়েল আরসিলার গোলে লেওন সমতায় ফেরে। ৫৪ মিনিটে ইয়ানিক ব্রাইট মায়ামিকে আবার এগিয়ে দেওয়ার ৭ মিনিট পর লিড কেড়ে নেন হুয়ান পাবলো ডোমিঙ্গেজ। ৮৩ মিনিটে মায়ামি গোলরক্ষক অস্কার গার্সিয়াকে পরাস্ত করে লেওনের জয়সূচক গোলটি করেন আরসিলা। যা ম্যাচে তার দ্বিতীয় গোল।
২০২৩ সালে লিগস কাপ জয়ের পর গত বছর ফাইনালে ওঠা মায়ামি এবার টুর্নামেন্ট থেকে বেশ আগেভাগেই বিদায় নিল। বিপরীতে টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচ জেতার পর লিগা এমএক্সের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে লেওন।
মন্তব্য করুন