গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ বাজারে খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি দোকানের মালিকের কাছ থেকে মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিচালিত এই অভিযানে বাজারের বিভিন্ন দোকানে খাদ্যপণ্যের মান, মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় তদারকি করা হয়। এ সময় আইন লঙ্ঘন ও অনিয়ম প্রমাণিত হওয়ায় ৬ দোকান মালিককে বিভিন্ন অংকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাইবান্ধা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এ.এফ.এম আসাদুল ইসলাম। অভিযানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, গোবিন্দগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মামুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযান শেষে কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এই ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একইসঙ্গে তারা ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার এবং ভোক্তাদের নিজেদের অধিকার রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন