স্পোর্টস ডেস্ক 

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর চাকরি বাঁচাতে নতুন এক যুদ্ধে নামতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ফিফা সভাপতি হিসেবে ধরে রাখতে যা যা করা প্রয়োজন ‘সবকিছুই করবেন’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই খবর জানা গেছে।
ফিফার নতুন একটি সংস্থার শেয়ার বিক্রির পরিকল্পনার কারণে ইনফান্তিনোর পদ এখন হুমকির মুখে। এই পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। বেশ কিছু দল হুমকি দিয়েছিল, পরিকল্পনা বাস্তবায়িত হলে তারা বিশ্বকাপ বয়কট করবে। শেষ পর্যন্ত ব্যাপক বিরোধিতার মুখে পরিকল্পনাটি বাতিল করা হয়েছে।
তবে দুজনের ঘনিষ্ঠ এক সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প ইনফান্তিনোকে খুব পছন্দ করেন, কারণ তিনি যুক্তরাষ্ট্রকে ‘সেরা বিশ্বকাপ’ আয়োজনে সহায়তা করেছেন। তাই পদত্যাগের দাবি সত্ত্বেও ট্রাম্প ফিফা প্রধান হিসেবে থাকার লড়াইয়ে তাকে সমর্থন দেবেন।
ইনফান্তিনো ও ট্রাম্পের সম্পর্ক নিয়ে আগেও বহুবার প্রশ্ন উঠেছে। এই বছরের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হয়েছিল। সেই সময় ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকারকে লাল কার্ড দেওয়ার পর তিনি ফিফা প্রধানকে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন। এরপর সেই খেলোয়াড়ের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। এই ঘটনার পর খেলায় রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে বিতর্ক শুরু হয়।
দ্য টেলিগ্রাফকে ওই সূত্র বলেন, ‘জিয়ান্নি আমাদের সেরা বিশ্বকাপ উপহার দিতে অনেক সাহায্য করেছেন। প্রেসিডেন্ট তাকে খুব পছন্দ করেন। প্রেসিডেন্ট তাকে সাহায্য করতে সম্ভাব্য সবকিছু করবেন।’
সূত্রটি আরও বলেন, ‘আমার মনে হয় না প্রেসিডেন্ট তার সিদ্ধান্ত পাল্টাবেন, কারণ তিনি অনেক অনুগত একজন মানুষ। জিয়ান্নি সত্যিই যুক্তরাষ্ট্রের বিশ্বকাপটা সফল করেছেন। আমরা এটার মূল্য দিই।’
তবে অনেকেই মনে করেন, এই দুজনের সম্পর্ক সীমা ছাড়িয়ে গেছে। ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনে (এফএ) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ডেভিড ডেভিস বলেন, ‘আমার ধারণা, এটা সীমা ছাড়িয়ে গেছে। যা ঘটছে, তা তার জন্য অনেক বেশি হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ইনফান্তিনো একজন ‘রাজনৈতিক ঘরানার’ ফিফা প্রধান, যিনি ‘দীর্ঘদিন ধরে’ ডোনাল্ড ট্রাম্পের প্রভাবে পড়ে গেছেন।
ট্রাম্প ইনফান্তিনোকে সমর্থন দেবেন বলে খবর থাকলেও যুক্তরাজ্যের রাজনৈতিক নেতাদের কাছ থেকে তিনি একই ধরনের সমর্থন পাচ্ছেন না। অ্যান্ডি বার্নহ্যাম আবারও বলেছেন, ইনফান্তিনো ‘ফুটবলের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত মানুষ নন’ এবং তিনি পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশনের পথ অনুসরণ করে ইংল্যান্ড এফএও ইনফান্তিনোর পুনর্নির্বাচনের সমর্থন প্রত্যাহার করে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো প্রার্থী ঘোষণা করেননি কেউ।
মন্তব্য করুন