নাটোর প্রতিনিধি 

ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সার্বজনীন করতে নাটোরে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা কিউআর কোড’ লেনদেন সেবার শুভ উদ্বোধন করেছে জনতা ব্যাংক পিএলসি। জনতা ব্যাংক পিএলসি, পটুয়াপাড়া শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বুধবার সকাল ১১টায় নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকার নর্থ বেঙ্গল সুপার মার্কেটের কয়েকটি দোকানে কিউআর কোডের মাধ্যমে লেনদেন সূচনা করে এ সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি, রাজশাহী বিভাগের বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো: জাহাংগীর হোসেন জোয়াদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক নাটোর এরিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ সফিকুর রহমান এবং পটুয়াপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ মাসুদ পারভেজ। এছাড়া ব্যাংকের নাটোর অঞ্চলের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মো: জাহাংগীর হোসেন জোয়াদ্দার বলেন, “ক্যাশলেস সোসাইটি গঠনের লক্ষ্যে ‘বাংলা কিউআর’ একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে সাধারণ ক্রেতারা যেকোনো ব্যাংকের অ্যাপ বা ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে একদম সহজে ও নিমিষেই কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন।”
বিশেষ অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এই সেবার ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সরাসরি ডিজিটাল লেনদেনের আওতায় আসবেন। এতে নগদ টাকা বহনের ঝুঁকি যেমন কমবে, তেমনি স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে যাবে।
মন্তব্য করুন