নাটোর প্রতিনিধি 

নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার তাজপুর, সাঁতপুকুরিয়া ও পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
এ সময় রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, চলনবিলে নতুন পানি প্রবেশের সঙ্গে সঙ্গে কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ জাল ব্যবহার করে মা মাছ ও পোনা মাছ নিধন করছে। মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বিলাঞ্চলের প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণে প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন