পরীক্ষামূলক
LIVE TV

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোববার ঈদুল ফিতর

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার এক বৈঠকের পর সৌদি সুপ্রিম কোর্ট এই ঘোষণা দেয়। খালিজ টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত ও পাকিস্তানে ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার (৩১ মার্চ)। দেশ দুটিতে আগামীকাল রোববার খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে রোজা হবে ৩০টি এবং ঈদ উদযাপিত হবে সোমবার। একই সিদ্ধান্ত নিয়েছে ব্রুনাইও।

এর আগে, অস্ট্রেলিয়াও সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়। শনিবার দেশটির ফতোয়া পরিষদ এ ঘোষণা দিয়েছে।

বাংলাদেশে ঈদের সম্ভাব্য দিন

বাংলাদেশে রোববার (৩০ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। এদিন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।

তবে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আগেই জানিয়েছে, বাংলাদেশে রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে এবং সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে কেন্দ্রটি তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে আরবি ভাষায় পোস্ট করে জানায়, “বাংলাদেশ: সোমবার ৩১ মার্চ, ঈদুল ফিতর। বাংলাদেশে এখন সূর্য অস্ত গেছে। আজ (সেখানে) ২৮ রমজান। কাল রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন