পরীক্ষামূলক
LIVE TV

ভিসা প্রতারণার অভিযোগে কিশোরগঞ্জে ৬ জন গ্রেপ্তার, উদ্ধার পাসপোর্ট-মাইক্রোবাস

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর কিশোরগঞ্জে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি পাসপোর্ট, চারটি মোবাইল ফোন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পানিয়ালপুকুর এলাকার মুক্তা হিমাগারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে সাহাবুল ইসলাম (২৪), মোখলেছুর রহমানের ছেলে সাজু মিয়া (২৮), মেচকার আলীর ছেলে আজিনুর রহমান (২৪), এমলাক হোসেনের ছেলে ইলিয়াছ মিয়া (২৪), দক্ষিণ রাজীব এলাকার কালা মামুদের ছেলে সজীব মিয়া (২৬) ও মুশাঝাড়পাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে সাফিউল ইসলাম (২৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের ভুয়া ভিসা তৈরি করে বিদেশে পাঠানোর কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সম্প্রতি তারা যশোর থেকে দুই ব্যক্তিকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে তাদের পাসপোর্ট সংগ্রহ করেন। পরে একটি মাইক্রোবাসে করে তাদের নিয়ে যাওয়ার পথে পানিয়ালপুকুর মুক্তা হিমাগারের সামনে পুলিশ গাড়িটি আটক করে।

এ সময় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দুটি পাসপোর্ট, চারটি মোবাইল ফোন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। পরে তাদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা সরঞ্জাম জব্দ করে বিকেলে আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন