পরীক্ষামূলক
LIVE TV

৮ দিনে ২ হ্যাটট্রিক, সাথে-সাথেই মিলল পুরস্কার

ছবিঃ সংগৃহীত

বল হাতে দুর্দান্ত কীর্তি গড়ার পুরস্কার সাথে সাথেই পেয়ে গেলেন হেনরি ক্রোকোম্বে। ৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিক করে ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। ২৪ বছর বয়সী পেসারকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডেকেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এর আগেও ডাক পেয়েছিলেন ক্রোকোম্বে। তবে গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াডে ডাক পেলেও অভিষেক হয়নি তার। এবার শ্রীলঙ্কার বিপক্ষে স্বপ্ন পূরণ হয় কিনা সেটাই দেখার অপেক্ষা।

শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৫ সেপ্টেম্বর। বাকি দুটি ১৭ ও ১৯ সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজ শেষে সমান ৩টি টি-টোয়েন্টিও খেলবে দুই দল। সংক্ষিপ্ত সংস্করণে ক্রোকেম্বে সুযোগ পাননি।

এই সংস্করণে ইংল্যান্ড দলে নতুন মুখ অ্যানাইরিন ডোনাল্ড ও জেমস কোলস। ২৯ বছর বয়সী ডোনাল্ড ১১১ টি-টোয়েন্টিতে ২ হাজার ৪২৩ রান করেছেন। স্ট্রাইক রেট ঈর্ষণীয়, ১৭০.৯৯। অন্যদিকে ২২ বছর বয়সী জেমস ৮১ টি-টোয়েন্টিতে ১৪৯০ রান করেছেন। স্ট্রাইকরেট ১৪৩.৯৬।

ম্যাচ তিনটি ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর। সীমিত সংস্করণে ইংল্যান্ডের নেতা হ্যারি ব্রুক।

সে যাই হোক ক্রোকেম্বে টানা দুই হ্যাটট্রিক পেয়েছেন কাউন্টি চ্যাম্পিয়নশিপে। প্রথমটা সমারসেটের বিপক্ষে করেন ক্রোকোম্বে। গত সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রতিপক্ষের প্রথম ইনিংসের শেষ দিকে তিন বলে তিন উইকেট নেন সাসেক্সের পেসার। সেদিন ৫৮তম ওভারের শেষ তিন বলে তার শিকার ছিলেন ক্রেগ ওভারটন, মিগায়েল প্রিটোরিয়াস ও জ্যাক লিচ।

গতকাল এসেক্সের বিপক্ষেও হ্যাটট্রিক করেন ক্রোকোম্বে। প্রতিপক্ষের প্রথম ইনিংসের ৫৭তম ওভারের প্রথম তিন বলে সিমন হারমার, জামান আখতার ও শেন স্যান্টারকে আউট করেন তিনি। হ্যাটট্রিকের মতো দুই ইনিংসে ৫টি করে উইকেট নেওয়ারও কীর্তি গড়েন তিনি।

টানা দুই হ্যাটট্রিক পাওয়ার এটি সপ্তম ঘটনা। ক্রোকোম্বের আগে এই নজির গড়েন জর্জ ফ্রিম্যান (১৮৬৮), যোগিন্দর রাও (১৯৬৩), মাইক প্রক্টর (১৯৭৯), ডিন হ্যাডলি (১৯৯৬), ওয়াসিম আকরাম (১৯৯৯) ও দীপক ধাপোলা (২০২৪)।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড :

হ্যারি ব্রুক (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, জেমস কোলস, জর্ডান কক্স, লিয়াম ডসন, অ্যানাইরিন ডোনাল্ড, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ, জশ টাং।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড :

হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, সনি বেকার, জস বাটলার, জর্ডান কক্স, হেনরি ক্রোকোম্বে, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট, জশ টাং।

 

Facebook Comments Box

মন্তব্য করুন