নতুন হ্যারি পটারের ঝলক দেখেই মুগ্ধ দর্শক

বিশ্বখ্যাত ফ্যান্টাসি বা অলীক রূপকাহিনিনির্ভর কালজয়ী উপন্যাস সিরিজ ‘হ্যারি পটার’। গত মার্চে হ্যারি পটার নতুন সিরিজের প্রথম ঝলক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ আলোচনা ও বিতর্ক হয়েছিল। এবার সেই বিতর্কের অবসান ঘটিয়ে ভক্তদের মন জয় করে নিচ্ছে কালজয়ী ‘হ্যারি পটার’র নতুন সিরিজের চরিত্রগুলো।
অনেকেরই মনে হয়েছিল, জাদুর সেই পুরোনো আবেশ যেন কোথাও হারিয়ে গেছে। কিন্তু প্রচার-ঝলক প্রকাশ্যে আসার পর ছবিটা অনেকটাই বদলে গেল। নতুন তিন মুখকে দেখে আবেগে ভেসে গেলেন অনুরাগীরা।
মার্চ মাসে সিরিজটির ‘লুক’ ও প্রথম ঝলক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। কেউ শৈশবের প্রিয় জাদুর দুনিয়ায় ফেরার আনন্দে আপ্লুত হয়েছেন, কেউ আবার ড্যানিয়েল র্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসনকে মিস করার কথা জানিয়েছেন। নতুন শিশুশিল্পীদের মধ্যে আগের সেই ‘ম্যাজিক’ নেই, এমন অভিযোগও উঠেছিল।
তবে ট্রেলার প্রকাশের পর পাল্টে গেছে সেই দৃশ্যপট। হগওয়ার্টস স্কুলের চেনা পরিবেশ এবং হ্যারি পটার, রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে নতুন তিন অভিনয়শিল্পীর ঝলক দর্শকদের আবেগপ্লুত করে তুলেছে। পুরোনো চেনা মুখগুলোর জায়গা কে নেবেন, এ নিয়ে যে সংশয় ছিল, তা কেটে গিয়ে নতুনদের ওপর ভরসা রাখছেন দর্শকরা। বিশেষ করে নতুন ‘হারমায়োনি’ চরিত্রটির উপস্থাপন সবার আলাদা নজর কেড়েছে।
হ্যারি পটার, রনাল্ড উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের নতুন অবতার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুরাগীরা। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে যেন আবার বাড়ি ফিরলাম।’ আরেক অনুরাগীর কথায়, ‘বড়দিনে আমার একমাত্র ইচ্ছা, এই নতুন সিরিজটি বারবার দেখা।’
জে কে রাউলিংয়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এই টিভি সিরিজটি। এতে মূল বইগুলোর প্রতিটি অধ্যায় বিস্তারিতভাবে ফুটিয়ে তোলা হবে। সিনেমার চেয়েও গভীর প্রেক্ষাপট নিয়ে ২০২৬ সালের ডিসেম্বরে ছোট পর্দায় উন্মোচিত হতে যাচ্ছে কালজয়ী এই উপন্যাস সিরিজ ‘হ্যারি পটার’। আর তা নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
মন্তব্য করুন