পরীক্ষামূলক
LIVE TV

‘সিন্ডিকেটের’ বাজারে প্রতারিত ক্রেতা: হতাশায় ভোক্তা অধিকার দিবস

বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্ব সহকারে পালিত হলেও এ বছর বাংলাদেশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হচ্ছে না। প্রতি বছর ১৫ মার্চ এই দিবস পালিত হলেও, জাতীয় দিবসের তালিকায় অন্তর্ভুক্ত না থাকায় এবার দেশে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বৃহস্পতিবার যুগান্তরকে জানান, উপদেষ্টা পরিষদ এ বছর দিবসটি জাতীয় দিবসের তালিকায় রাখেনি। তবে তিনি মনে করেন, ভোক্তার জন্য প্রতিদিনই অধিকার দিবস হওয়া উচিত, কারণ প্রতিদিনই তারা প্রতারণার শিকার হচ্ছেন।

বাজারে সিন্ডিকেটের প্রভাবের কারণে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ ভোক্তারা। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে হঠাৎ করেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়, আবার কিছু পণ্য বাজার থেকে উধাও হয়ে যায়। শুধু খাদ্যপণ্যই নয়, জীবনরক্ষাকারী ওষুধের ক্ষেত্রেও রয়েছে নানা অনিয়ম ও মূল্য কারসাজি। এসব প্রতারণার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের অভাবে হতাশা প্রকাশ করছেন ভোক্তারা।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, “সরকারের এ ধরনের সিদ্ধান্তে আমরা হতাশ। বিশ্বব্যাপী যখন দিবসটি গুরুত্বসহকারে পালন করা হচ্ছে, তখন আমাদের দেশে এটি বাতিল করা হয়েছে। এতে ভোক্তাদের অধিকার আরও উপেক্ষিত হচ্ছে। দিবসটি থাকলে অন্তত তাদের সমস্যাগুলো সরকারের কানে পৌঁছানো যেত।”

তিনি আরও জানান, দিবসটি পুনঃস্থাপনের জন্য সচিব বরাবর আবেদনও করা হয়েছিল। কিন্তু তা গ্রহণ করা হয়নি।

এ বছর ভোক্তা অধিকার দিবস না থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোনো বিশেষ কর্মসূচি নেয়নি। প্রতিদিনের মতোই তাদের নিয়মিত কার্যক্রম চলবে।

২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পাস হওয়ার পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গঠন করা হয়। তবে ১৬ বছর পার হলেও, সংস্থাটি কার্যত দেশের ১৭ কোটি মানুষের অধিকার রক্ষায় তেমন কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, মাত্র ১০৮ জন কর্মকর্তা দিয়ে সারা দেশে অভিযান পরিচালনা করতে হয়, যা সম্পূর্ণ অপ্রতুল। বিশেষ করে রাজধানী ঢাকার প্রায় আড়াই কোটি মানুষের জন্য মাত্র পাঁচ থেকে ছয়জন কর্মকর্তা রয়েছেন, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে ভোক্তা অধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিনিয়ত ঘটলেও, তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন