শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে মিঠাপুকুর উপজেলায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ঘটনাটি নিশ্চিত করে জানান, শিশুটিকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
ঘটনার বিস্তারিত জানা গেছে, সকাল ৬টার দিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে গিয়েছিল শিশুটি। ফুল সংগ্রহ করতে গিয়ে সে স্থানীয় সার্ভেয়ার রুহুল আমিনের (৫৫) বাড়িতে যায়। ফুল বাগান থেকে ফুল সংগ্রহ করার সময় রুহুল আমিন শিশুটিকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে।এ সময় শিশুটির চিৎকার শুনে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরা কয়েকজন মুসল্লি তাকে উদ্ধার করে। এ সময় রুহুল আমিন পালিয়ে যায়।
ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত রুহুল আমিন পেশায় একজন সার্ভেয়ার এবং তার পরিবার ঢাকায় বসবাস করে বলে জানা গেছে।
ঘটনার পর শিশুটিকে বাড়িতে আনা হলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে মিঠাপুকুর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যায়। বর্তমানে সেখানেই শিশুটির চিকিৎসা চলছে।
মন্তব্য করুন