স্পোর্টস ডেস্ক 

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর স্পেনের শিরোপা উদযাপনের আড়ালে ঘটে যায় নাটকীয় এক নিকৃষ্ট ঘটনা। স্প্যানিশ মিডফিল্ডার গাভির রহস্যময় এক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে মাঠ, জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হওয়ার পরও পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
ম্যাচের অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের জয়সূচক গোলের পর রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠেন স্প্যানিশ ফুটবলাররা। অন্যদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ায় হতাশায় ডুবে যায় আর্জেন্টিনা।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গাভি আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের কাছে গিয়ে কিছু বলেন। ঠিক কী মন্তব্য করেছিলেন, তা এখনো প্রকাশ হয়নি। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, গাভির কথাটি ছিল এতটাই উসকানিমূলক যে মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পারেদেস।
মেজাজ হারিয়ে পারেদেস গাভিকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এরপরই দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাইডবেঞ্চের সদস্যরা মাঠে নেমে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি ও বাক্যবিনিময়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি নিজেই মাঠে নেমে পারেদেসকে সরিয়ে নিয়ে যান।
ঘটনার পর ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কঠোর সিদ্ধান্ত নেন রেফারি। খেলা শেষ হওয়ার পরও শৃঙ্খলাভঙ্গের দায়ে পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখানো হয়, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা।
ফুটবলে স্লেজিং বা কথার লড়াই নতুন কিছু নয়। তবে গাভির সেই রহস্যময় মন্তব্য কী ছিল, তা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। এখন পর্যন্ত স্পেন কিংবা আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
মন্তব্য করুন