আরসিটিভি ডেস্ক

দেশের বাজারে সবশেষ সমন্বয়ের পর কমানো দামে সোমবার (২০ জুলাই) স্বর্ণ বিক্রি হচ্ছে। সবশেষ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়। প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।
বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি যুক্ত হবে। এছাড়া স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই বহাল থাকবে।
এর আগে ১৩ জুলাইও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ৯১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৬ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম পরিবর্তন করা হয়েছিল; যার মধ্যে ১০ বার দাম বাড়ানো এবং ৩ বার দাম কমানো হয়েছিল।
মন্তব্য করুন