আরসিটিভি ডেস্ক 

রাজধানীর ডেমরায় মো. সাইদুল ইসলাম (২০) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে রাজাখালী পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের ৯ম তলার ৯০৯নং কক্ষে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ওই রাতেই সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সূত্রে জানা গেছে, পুলিশ সদস্য সাইদুল ইসলাম গোপনে বিয়ে করার পর স্ত্রীর সঙ্গে অভিমান করে এ আত্মহত্যা করেছেন বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। ওই পোস্টে তিনি তার বিবাহ ও আবেগঘন অনেক কথাই উল্লেখ করেছেন।
সাইদুল ইসলাম ফেনীর সদর থানার চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তিনি ওই পুলিশ লাইন্সের সি কোম্পানিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে মৃতের বাবা মো. সাদেক শুক্রবার বিকেলে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন।
মৃতের পরিবারের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, সাইদুল ইসলাম ব্যারাকে সিলিং ফ্যানের সঙ্গে তার বিছানার চাদর গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার বিষয়ে ব্যারাকের অন্য পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদে পারিবারিক ও মানসিক কারণে সাইদুল ইসলাম আত্মহত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে জানা যায়। তবে ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে সবকিছুই স্পষ্ট হয়ে যাবে।
এ বিষয়ে পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্স এর ইনচার্জ (ডিসি) কাজী নুসরাত লুনা বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পারিবারিকভাবে অনুমতি না পেয়ে সাইদুল ইসলাম গোপনে বিয়ে করেছেন। আর বেশ কিছুদিন ধরে তার স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে মতের পার্থক্য দেখা দিয়েছে। এ ছাড়াও ফেসবুক পোস্টে তিনি আবেগঘন কিছু বিষয় উল্লেখ করতে গিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেছেন। এ বিষয়ে ডেমরা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তের ভিত্তিতে এ বিষয়ে সব কিছু বেরিয়ে আসবে।
মন্তব্য করুন