ঠাকুরগাঁও প্রতিনিধি 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার ২ নম্বর চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম ওই গ্রামের বাসিন্দা মজিবর রহমানের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজতে শুরু করলে পরিবারের সদস্যরা পুকুর থেকে উদ্ধার করেন। পরে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, “শনিবার দুপুরে শাহবাজপুর গ্রামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা জেনেছি।”
স্থানীয়দের মতে, শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার পাশাপাশি বাড়ির আশপাশের পুকুর ও জলাশয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
মন্তব্য করুন