আরসিটিভি ডেস্ক 

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে দিনাজপুরে দুস্থ, হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৮ জুলাই শনিবার দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম বিওপি এলাকায় এ চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করা হয়। দিনাজপুর সেক্টরের উদ্যোগে এবং ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার প্রায় ৫শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধে কাজ করছে। একই সঙ্গে সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণেও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, দেশের যেকোনো দুর্যোগ, সংকট ও মানবিক বিপর্যয়ে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। সীমান্তবাসীর কষ্ট লাঘবের পাশাপাশি এ ধরনের উদ্যোগ বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত এসএমও ক্যাপ্টেন এস এম মাহদী জামান (এএমসি), সহকারী পরিচালক মো. মিজানুর রহমান (পিবিজিএমএস), সহকারী পরিচালক মো. আব্দুল্যা-আল-মামুন, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন