আরসিটিভি ডেস্ক 

রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলায় একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে দীর্ঘক্ষণ আটকে থাকে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের মাধ্যমে তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা ২৩ মিনিটে যাত্রাবাড়ী থানার পোস্তগোলা এলাকার উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয় থেকে নিগার সুলতানা নামে এক নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, বিদ্যালয়ের বাথরুমের দরজা দীর্ঘ সময় ধরে ভেতর থেকে বন্ধ রয়েছে। একজন ছাত্র ভেতরে থাকলেও অনেকক্ষণ ধরে তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।
৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ থেকে দ্রুত উদ্ধারের জন্য পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানানো হয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জান্নাতুল শাবনুর এবং উদ্ধার কার্যক্রমের সমন্বয় করেন ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল।
সংবাদ পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে টয়লেটের দরজা ভেঙে সপ্তম শ্রেণির ছাত্র নিরব বিশ্বাসকে (১৪) উদ্ধার করে। পরে জানা যায়, সে টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে পড়েছিল।
উদ্ধারকারী দলের নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ার্দার। তিনি ৯৯৯-কে উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন