দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রতিবন্ধী শিশু, যুব ও ব্যক্তিদের জন্য আধুনিক রিহ্যাবিলিটেশন (পুনর্বাসন) সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় তারা নিজ উপজেলাতেই বিনামূল্যে ফিজিওথেরাপিসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।
কাহারোল উপজেলা পরিষদ মিলনায়তনে আইআইআর-এসআইবি (IIR-SIB) প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মিম এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিবন্ধী শিশু, যুব ও ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং সমাজে তাদের স্বাভাবিক অংশগ্রহণ নিশ্চিত করতে এই রিহ্যাবিলিটেশন সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় স্বাগত বক্তব্য দেন দীপশিখার এরিয়া ম্যানেজার ধনঞ্জয় দেবনাথ। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেবদত্ত রায়। এছাড়া বক্তব্য দেন ডা. উলফাতুর রহমান, মো. আকরাম হোসেন ও ডা. মোর্শেদুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কক্ষে শিগগিরই রিহ্যাবিলিটেশন সেন্টার স্থাপন করা হবে। এর মাধ্যমে প্রতিবন্ধী শিশু, যুব ও ব্যক্তিরা নিজ এলাকাতেই প্রয়োজনীয় সেবা পাবেন। ব্যয়বহুল চিকিৎসা সেবা গ্রহণে অক্ষম পরিবারের কথা বিবেচনায় রেখে অনলাইনভিত্তিক টেলি-রিহ্যাবিলিটেশন ব্যবস্থাও চালু করা হবে।
এই সেবার আওতায় ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য, আইআইআর-এসআইবি প্রকল্পটি লিলিয়ান ফান্ডসের অর্থায়নে পরিচালিত হচ্ছে। সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং দীপশিখা যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
মন্তব্য করুন