দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলমের সার্বিক তত্ত্বাবধানে, ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গত ২১ জুন ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে।
অভিযানে দিনাজপুর কোতয়ালী থানার ৭ নম্বর উথরাইল ইউনিয়নের মালিগ্রাম বাজারস্থ এসএম মটরস শো-রুমের সামনে থেকে আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য মোঃ শাকিল বাবু (২০)-কে গ্রেফতার করা হয়। তিনি কোতয়ালী উপজেলার ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি লাল রঙের নাম্বারবিহীন হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা প্রাথমিক তদন্তে চোরাইকৃত বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, ধৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে চোরচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন