গাইবান্ধা প্রতিনিধি

উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা দেয়ার কথা বলে সরকারি কর্মকর্তা সেজে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া চক্রের দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করেছে করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার শিবপুর এলাকার মৃত কল্লোল সরকারের ছেলে মো. দাইয়ান শহীদ দীপ সরকার (২১) এবং গোবিন্দগঞ্জ উপজেলার নাওভাঙ্গা এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. সোহানুর রহমান শান্ত (২১)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ জানায় তারা সরকারি কর্মকর্তা সেজে উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিকাশ-নগদ সংক্রান্ত সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিয়ে আসছিল।
এর আগে যৌথ বাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উত্তর সিংগা গ্রামে প্রতারক চক্রের আস্তানা থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সিসিটিভি ক্যামেরা, হার্ডডিস্কসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। অভিযানের কয়েকজন পালিয়ে গেলেও আশরাফুল ইসলাম নামে এক আসামিকে আটক করা হয়েছিল।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, “প্রতারক চক্রটি বিভিন্ন সরকারি অফিসারের ছদ্মবেশ ধারণ করে উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। তাদের বিরুদ্ধে স্থানে মামলা দায়ের হয়েছে তদন্ত চলমান।দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন