লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কৃত্রিম হাত-পা সংযোজন এবং শিশুদের জন্মগত হৃদরোগ (হার্টে ছিদ্র) চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জনতার দলের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার কয়েকশ রোগীকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়।
আয়োজকরা জানান, দরিদ্র ও অসহায় হাত-পা হারানো ব্যক্তি এবং হৃদরোগে আক্রান্ত শিশুদের শনাক্ত করে পর্যায়ক্রমে তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। কর্মশালায় চিকিৎসক ও স্বেচ্ছাসেবকরা রোগীদের স্বাস্থ্যগত তথ্য সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন।
জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, “কৃত্রিম হাত-পা সংযোজন এবং শিশুদের হার্টে ছিদ্রের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। অনেক অসচ্ছল পরিবারের পক্ষে এ ধরনের চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হয় না। এজন্য নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দাতার সহায়তায় আমরা এ কার্যক্রম শুরু করেছি।”
তিনি আরও বলেন, “আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার হাত-পা বিহীন ব্যক্তি এবং হৃদরোগে আক্রান্ত শিশুদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে তাদের কৃত্রিম অঙ্গ সংযোজন, হার্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন বিশেষায়িত প্রতিষ্ঠানে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।”
কর্মশালায় অংশ নেওয়া রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষ চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং জেলার অন্যান্য উপজেলাতেও প্রয়োজনভিত্তিক চিকিৎসা সহায়তা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন