লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মদ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করতে পারে এমন খবর পেয়ে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। ২ মে রাত ৮টার দিকে হাতীবান্ধা উপজেলার খামারভাতী এলাকায় ঝাউরানী বিওপি এবং একই দিন দুপুর ২টা ২০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জাকিরটারী এলাকায় শিমুলবাড়ী বিওপি অভিযান চালায়।
অভিযান চলাকালে টহল দল সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২০০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও ৩ বোতল মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৮৪ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে তথ্য সংগ্রহপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন