নীলফামারী প্রতিনিধি 

বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দ-উচ্ছ্বাসে নীলফামারীতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। ঢাক-ঢোল, পালকি, ঢেঁকি, কুলাসহ গ্রামীণ জীবনের নানা ঐতিহ্যবাহী উপকরণ নিয়ে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নীলফামারী জেলা প্রশাসন-এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এ আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এরপর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো শহর।
ডিসি মোড় প্রাঙ্গণে পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতির নানা দিক তুলে ধরেন। পাশাপাশি দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পান্তা ভাত, মুড়ি-মুড়কি ও অন্যান্য গ্রামীণ খাবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম)সহ সরকারি কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষ।
উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করে নিতে পেরে আনন্দ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। তারা বলেন, এ ধরনের আয়োজন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মন্তব্য করুন