আন্তর্জাতিক ডেস্ক 

লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে এক ইসরাইলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধে একজন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। আহত হয়েছেন আরও তিন সেনা।
টাইমস অব ইসরাইলি জানিয়েছে, নিহত ওই সেনার নাম আয়াল উরিয়েল বিয়াঙ্কো। তার বয়স ৩০ বছর। তিনি কাটস্রিন এলাকার বাসিন্দা ছিলেন এবং ১৮৮তম ‘বারাক’ সাঁজোয়া ব্যাটালিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ চলাকালে দক্ষিণ লেবাননে তিনি নিহত হন। একই ঘটনায় আহত অন্য তিন সেনার মধ্যে একজন মাঝারি মাত্রায় এবং বাকি দুজন হালকা আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে আল জাজিরা যাচাই করা ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ লেবাননের তেবনিন সরকারি হাসপাতালে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভিডিওতে হাসপাতালের করিডরে ময়লা ও ভাঙা কাঁচ ছড়িয়ে থাকতে দেখা যায় এবং কয়েকটি কক্ষে চিকিৎসা সরঞ্জাম এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাইরে পার্ক করা গাড়িগুলোও ধ্বংসাবশেষ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্তব্য করুন