দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরের ঘোড়াঘাটে ৯ বছরের শিশু মসফিয়া আক্তার তাসফিয়ার মরদেহ করতোয়া নদী থেকে উদ্ধারের ঘটনায় তার সৎ বাবা সাফিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মাদ্রাসায় ভর্তি করানোর কথা বলে তাসফিয়াকে নিয়ে বের হন সাফিউল। পরে রাতে নৌকায় করে করতোয়া নদীর মাঝখানে নিয়ে শিশুটিকে পানিতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কিছুক্ষণ পর তাকে তুলে নিলেও স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়ার একপর্যায়ে আবার নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে পুলিশের দাবি।
পরে নদীতে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের খবরে পুলিশ তা উদ্ধার করে। ঘটনার পর আত্মগোপনে থাকা সাফিউল ইসলামকে বৃহস্পতিবার গভীর রাতে গাইবান্ধার পলাশবাড়ী বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাফিউল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির আপন বাবা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার সাফিউলকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন