গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষধর সাপের ছোবলে আজাদুল ইসলাম ঘুটু (২৮) নামে এক সাপুড়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে সাপের ছোবলে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
নিহত আজাদুল ইসলাম উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল (শিয়ালগাড়া) গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই খেলায় প্রদর্শনের প্রস্তুতি হিসেবে সোমবার বিকেলে নতুন একটি বিষধর সাপ ধরেন আজাদুল। পরে সাপটিকে আয়ত্তে আনার কসরত করার সময় সেটি তাঁকে দংশন করে। এতে তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিষ নামানোর উদ্দেশ্যে পার্শ্ববর্তী রাজা বিরাট এলাকার শিবসমুদ্রে এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক চলাকালীন সন্ধ্যার দিকে তিনি মারা যান।
এলাকাবাসী জানান, গত কয়েক দিন ধরে ‘পাতা খেলা’ উপলক্ষে কলাগাছে সাপ পেঁচিয়ে নানা কসরত দেখাচ্ছিলেন আজাদুল। মঙ্গলবারের আসরে দর্শকদের চমক দিতে নতুন সাপটি নিয়ে প্রস্তুতি নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
মন্তব্য করুন