গাইবান্ধা প্রতিনিধি 

উত্তরবঙ্গের বহুল কাঙ্ক্ষিত ও গণদাবি গাইবান্ধা জেলার বালাশী ঘাট থেকে জামালপুর জেলার বাহাদুরাবাদ পর্যন্ত সড়ক ও রেল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩ আগষ্ট) ‘গাইবান্ধা জেলা নাগরিক সংসদ’-এর উদ্যোগে জেলার ঐতিহ্যবাহী বালাশী ঘাটে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
গাইবান্ধা জেলা নাগরিক সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নান্নুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তারা অবিলম্বে এই সেতু নির্মাণের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা নাগরিক সংসদের সহ-সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান ও বেলাল হোসেন, উদিয়াখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কাবিল উদ্দিন, এবং জেলা নাগরিক সংসদের সদস্য মোঃ জহির রায়হান, মুসা মিয়া, সাইদুর রহমান, মোহাম্মাদ আলী, আরিফ মিয়া ও মুরাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বালাশী-বাহাদুরাবাদ রুটটি উত্তরবঙ্গের ৮ থেকে ১০টি জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সেতু বাস্তবায়িত হলে রাজধানীর সাথে সরাসরি যোগাযোগ সহজ হবে এবং যাতায়াতের দূরত্ব বহুলাংশে কমে আসবে।
গণসমাবেশ থেকে দাবিকৃত সেতু বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে দুই দফা নতুন কর্মসূচি ঘোষণা করা হয়: ১. আগামী ১৫ আগস্ট থেকে ২৫ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে সেতু মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।২. আগামী ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১টায় গাইবান্ধা পৌর পার্কের ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ থেকে এক বিশাল র্্যালি হবে এবং পরবর্তীতে গণ-অবস্থান কর্মসূচি পালন করা হবে।
মন্তব্য করুন