আরসিটিভি ডেস্ক 

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় বিকল বাস দেখে থামতে গিয়ে একে একে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত চারটি পরিবহন। এ সময় দ্রুতগতির এক যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সকালের দিকে ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা এবং মানিকগঞ্জের শিবালয় এলাকার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। নিহত আবাস সাহা মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের ছাত্র এবং সুজয় সাহা উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। সম্পর্কের দিক থেকে তারা ফুপাতো-মামাতো ভাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। বাসটিকে দেখে পেছনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করে। মুহূর্তেই প্রাইভেটকারের পেছনে থাকা একটি কাভার্ডভ্যানও নিয়ন্ত্রণ রাখতে ব্রেক করে। এ সময় কাভার্ডভ্যানের পেছনে থাকা দুটি মোটরসাইকেল থামার চেষ্টা করলে, পেছন থেকে দ্রুতগতিতে আসা ‘স্বাধীনতা পরিবহন’-এর একটি মিনিবাস মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়।
ধাক্কায় মোটরসাইকেলে থাকা আবাস ও সুজয় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত যানগুলো উদ্ধার করে সড়ক সচল করে পুলিশ।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) তারেক বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মূলত বিকল বাসটি রাস্তার ওপর দাঁড়িয়ে থাকার কারণেই পেছনের গাড়িগুলো একের পর এক হঠাৎ ব্রেক করতে বাধ্য হয় এবং পেছন থেকে আসা বাসটি ধাক্কা দিলে এই প্রাণহানি ঘটে।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, নিহতদের কাছে থাকা পরিচয়পত্র থেকে স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং দুর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন