লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আসামি করে আদিতমারী থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ভেলাবাড়ী নামুড়ীর পাড় এলাকার মাদ্রাসাতু তাহফিযীল কুরআন ওদ্দীনিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ওই শিশুটি আবাসিকভাবে মাদ্রাসায় অবস্থান করত।
অভিযোগে বলা হয়েছে, গত ২১ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদ্রাসার শিক্ষক মোঃ শাহজালাল হক (২৩) শিশুটিকে মাথা টিপে দেওয়ার কথা বলে নিজের কাছে ডেকে নেন। পরে জোরপূর্বক তাকে বলাৎকার করেন এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখান। পরদিন সকালে শিশুটি বাড়িতে এসে অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় থাকে। পরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি খুলে বললে তারা বিষয়টি জানতে পারেন।
পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় গেলে অভিযুক্ত শিক্ষক সেখানে ছিলেন না। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, তিনি ছুটিতে বাড়িতে গেছেন। পরে ২৪ জুলাই রাতে অভিযুক্ত শিক্ষক মাদ্রাসায় ফিরে এলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এজাহারে দাবি করা হয়েছে, ওই সময় তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেন। এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে চিকিৎসা দিয়ে আদিতমারী থানায় নিয়ে যাওয়া হয় এবং মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব সজিব জানান, ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন