গাইবান্ধা প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবি এডিট করে সেটিতে শাড়ি পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ডিউটি অফিসার (এসআই) ফজল মাহমুদ।
এর আগে বৃহস্পতিবার রাতে সুন্দরগঞ্জের স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
অভিযুক্ত যুবকের নাম এস এম মিজানুর রহমান (২৪)। তিনি উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবি এডিট করে শাড়ি পরিয়ে দিয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আন্টি ক্ষমতায় আসতে না আসতে ব্যাংক খেয়ে ফেলতেছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নজরে এলে এতে ক্ষোভের সৃষ্টি হয়। পরে রাতেই তারা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, অভিযুক্ত যুবককে কোর্টে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন