গাইবান্ধা প্রতিনিধি 

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের লক্ষ্যে গাইবান্ধার সাঘাটায় উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি (স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম)’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় সাঘাটা উপজেলার কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার আয়োজনে এবং সাঘাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাইবান্ধা—৫ (সাঘাটা—ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল ওয়ারেছ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন স্টার্টআপ, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপনের মাধ্যমে তাদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় তুলে ধরে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রকল্প ঘুরে দেখেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল ওয়ারেছ বলেন, এ ধরনের সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা দেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, বাংলাদেশ সরকারের উদ্যোগে এ ধরনের আয়োজন এবারই প্রথম। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের জন্য ২০ হাজার টাকা এবং সংশ্লিষ্ট শিক্ষকদের জন্য ৩০ হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। ভবিষ্যতে এসব শিক্ষার্থীর মধ্য থেকেই বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক তৈরি হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক ধারণা উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে সৃজনশীল ও উদ্ভাবনী প্রকল্পের ওপর আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন