লালমনিরহাট প্রতিনিধি 

“হাসি ফুটুক মলিন মুখে, শান্তি আসুক সবার বুকে” এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের সীমান্তবর্তী বামনের বাসা গ্রামে ৩০ তরুণের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী “একবেলার আহার” কর্মসূচি।
শনিবার দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে সমাজের দরিদ্র, অসহায়, অবহেলিত ও সুবিধাবঞ্চিত প্রায় এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবারের মেন্যুতে ছিল খাসির মাংসের বিরিয়ানি, ডিম ও ডাল।
এছাড়াও দিনব্যাপী স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ভাওয়াইয়া সংগীত, নৃত্য ও গ্রামীণ সংস্কৃতি উৎসব, যা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
আয়োজক তরুণরা জানান, সমাজে এখনও অনেক মানুষ রয়েছেন যারা মাসের পর মাস পুষ্টিকর বা উন্নত খাবার খেতে পারেন না। তাদের মুখে সামান্য হাসি ফোটানো এবং মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আরও বলেন, নিজেদের আয়ের একটি অংশ থেকে অর্থ সংগ্রহ করে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
স্থানীয়রা তরুণদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন