বিনোদন ডেস্ক 

সাধারণত ভদ্র ও মিষ্টভাষী হিসেবেই পরিচিত বলিউড অভিনেতা রণবীর কাপুর। খুব কমই তাকে রাগ করতে দেখা যায়। তবে মঙ্গলবার রাতে এক ভিন্ন রূপে ধরা পড়লেন এই অভিনেতা।একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে তাকে আঙুল তুলে গম্ভীরভাবে কথা বলতে দেখা যায়।
এতে অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো রেগে গেছেন। কিন্তু আসলে ঘটনার পেছনে ছিল অন্য কারণ।
মঙ্গলবার ‘মেরি দাদি কি শাদি’ ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। কালো পোশাকে নজর কাড়েন আলিয়া, আর রণবীর ছিলেন একেবারে ক্যাজুয়াল লুকে।
তাদের দেখতেই ভিড় করেন আলোকচিত্রী ও ভক্তরা। হঠাৎ ভিড় বেড়ে যাওয়ায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গাড়ি থেকে নামার পর দাঁড়াতেই কষ্ট হচ্ছিল তাদের।
এই পরিস্থিতিতে আলিয়ার হাত ধরে ভিড় সামাল দেওয়ার চেষ্টা করেন রণবীর।
তখনই আলোকচিত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ভাল ছবি তুলতে চান তো? তা হলে সরে দাঁড়ান। আমরা ভিতরে গিয়ে দাঁড়াচ্ছি। সবাই ঠিকঠাক ফ্রেম পাবেন। ছবিও তুলতে পারবেন।’
রণবীরের এই কথার পর কিছুটা শান্ত হয় পরিস্থিতি।
শুরুতে তার আচরণ দেখে অনেকেই অস্বস্তিতে পড়লেও পরে বিষয়টি বুঝতে পারেন সবাই। কারণ, তারকার ভালো ছবি পাওয়া আলোকচিত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
উল্লেখ্য, ‘মেরি দাদি কি শাদি’ ছবিতে অভিনয় করেছেন রণবীরের মা নীতু কাপুর। মায়ের এই ছবির প্রিমিয়ার ঘিরে আগে থেকেই উচ্ছ্বসিত ছিলেন রণবীর। সিনেমা দেখা শেষে তিনি ও আলিয়া হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন।
মন্তব্য করুন