আরসিটিভি ডেস্ক 

বর্ণিল আয়োজনে মালয়েশিয়া কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) মালয়েশিয়ার পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং পারকেসোর যৌথ উদ্যোগে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকেসোর ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান মিস্টার হারিরি হারুন এবং ডিরেক্টর মিসেস পুয়ান রাফিদাহ বিনতি আব্দুল রহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন পারকেসোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, রেমিট্যান্স হাউসের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা এবং রাজ্যে বিভিন্ন খাতে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশিকর্মী। তাদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর পারকেসো কর্তৃক প্রবাসী কর্মীদের কল্যাণে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। এতে কর্মীদের নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসী কর্মীদের কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, অধিকার সুরক্ষা এবং মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, প্রবাসী শ্রমিকরা শুধু অর্থনৈতিক অবদানই রাখছেন না, বরং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের সেতুবন্ধন হিসেবেও কাজ করছেন।
মন্তব্য করুন