সীমান্তে ১৫ বিজিবির মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন আটক
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৬০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে রামখানা বিওপির একটি বিশেষ টহলদল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ত্রিমোহোনী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে একজন ব্যক্তিকে চ্যালেঞ্জ জানানো হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় টহলদল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তির নাম মোঃ মইজ উদ্দিন (৩৫)। তিনি কুড়িগ্রাম জেলার কচাকাঁটা থানার শনবান্দা গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৬০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাগেশ্বরী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,
“দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
মন্তব্য করুন