বগুড়ায় বিএনপি কার্যালয়ে ককটেল হামলা: যুবলীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলা ও ভাঙচুরের অভিযোগে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহ আলম (৪৩) ধুনট ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় শাহ আলমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি কর্মীসভা চলছিল। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে সভাস্থলে ককটেল হামলা চালায় এবং বিএনপির কার্যালয়ে রক্ষিত চেয়ার-টেবিল ভাঙচুর করে।
এ ঘটনায় গত ২৬ জানুয়ারি ধুনট উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে ৭৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ থেকে ৭০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। শাহ আলম ওই মামলার অন্যতম আসামি।
ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। তিনি বলেন, “আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে এই কার্যালয়টি ব্যবহার করে আসছেন। তবে সম্প্রতি রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির পর থেকে এলাকায় টানটান পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনায় স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহ আলমের বিরুদ্ধে আগেও বেশ কয়েকটি মামলা রয়েছে।
মন্তব্য করুন